শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের আরো দুটি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট প্রশাসন। গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তার-কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
এর আগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রাজনীতি নিষিদ্ধ করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮৫তম সভায় শিক্ষার্থীদের দারির পরিপ্রেক্ষিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দিয়েছেন রেজিস্ট্রার মো. মনিরুর ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির দৌরাত্ম্যে সাধারণ শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে পড়ে। সিন্ডিকেট সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য সব ধরনের রাজনীতি বন্ধের দাবি জানিয়ে লিখিত আবেদন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে রাজনীতি ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আদেশ আজ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, আজ থেকে যথানিয়মে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও শিক্ষা কার্যক্রম চলবে।
অন্যদিকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধসহ আট দফা দাবি নিয়ে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বৈঠক শেষে রাজনীতি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না।
৫ আগস্ট রাতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে দিনাজপুর শহরে নিয়ে আসে। পরদিন তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি ৯ আগস্ট পদত্যাগ করেন। হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ তার পদত্যাগের কথা নিশ্চিত করেছেন। ২০২১ সালের ৩০ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. এম কামরুজ্জামান।